মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের রাজনীতিতে বড় শক্তি যুক্তরাষ্ট্র—এ কথা কমবেশি সবাই জানে। ইরানের সঙ্গে বিরোধ থাকলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত প্রত্যক্ষ–পরোক্ষভাবে মার্কিন প্রভাববলয়ে রয়েছে।
ঐতিহাসিক এই প্রভাবের অন্যতম ভিত্তি অস্ত্র ও জ্বালানি বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়। এ অঞ্চলে মার্কিন প্রভাব এতটাই প্রকট যে হালের ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ছুটে গেছেন।
২০২৩ সাল মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সেটা শুধু ফিলিস্তিন–ইসরায়েলের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের জন্য নয়। বরং বলা যায়, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাববলয়কে চ্যালেঞ্জ জানানোর বছর ২০২৩। আর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন ও রাশিয়া। বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশ। তাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে চাইবে চীন–রাশিয়া, তাতে কোনো সন্দেহ নেই।