গতানুগতিক গাড়ি নির্মাতাদের জন্য রাস্তা দ্রুত সরু হয়ে যাচ্ছে। জীবাশ্মজ্বালানি–নির্ভর এই প্রযুক্তি ২০৩০ সালে বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যেসব সুবিধা দেওয়া হচ্ছে, সেসব কারণেই বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে, তবে ইউরোপ ও ব্রিটেনের গাড়ি নির্মাতারা প্রতিযোগিতা করে পারছে না। চীনের ব্যাপারে যেভাবে ইউরোপীয় দেশগুলো সতর্ক হয়ে উঠছে, তাতে এসব দেশে চীনা গাড়ি আমদানি করা কঠিন করতে আরও বেশি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইউরোপীয় কমিশন চীন থেকে আমদানি করা সস্তার গাড়ি নিয়ে তদন্ত শুরু করেছে। এই তদন্তের উদ্দেশ্য হলো, এটা দেখা যে স্থানীয় বৈদ্যুতিক গাড়ি উৎপাদকদের সুরক্ষা দিতে চীনা গাড়িতে শুল্ক বাড়ানো দরকার কি না। ইউরোপীয় কমিশন মনে করে, বেইজিংয়ের দেওয়া ভর্তুকির কারণে চীনা গাড়ি বিশেষ সুবিধা পাচ্ছে।
কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, চীনের ‘অন্যায্য বাণিজ্য রীতি’ থেকে ইউরোপের সৌরবিদ্যুৎশিল্প কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ইউরোপীয় ইউনিয়ন ভুলে যায়নি, তবে বাস্তবতা ভিন্ন। জার্মানির মতো দেশ উঁচু মূল্যস্ফীতি ও জ্বালানি খরচের কারণে সমস্যায় রয়েছে। সে কারণে বিওয়াইডির সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ি সেখানে ব্যাপক সংখ্যায় বিক্রি হচ্ছে। মার্সিডিস-বেঞ্জ, বিএমডব্লিউ আর ফক্সওয়াগনের দেশটি বিদ্যুৎ–চালিত গাড়ির বৈশ্বিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। সে কারণে সেপ্টেম্বরের মিউনিখ গাড়ির প্রদর্শনীতে চীনা ইভি ছিল আলোচনার কেন্দ্রে।
অটোমবিলিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিল রুসো বলেন, চাহিদার বিষয়টি বিশ্বের সব জায়গায় নির্ভর করে সামর্থ্যের ওপর। এটা সর্বজনীন ব্যাপার। তাঁর মতে, পৃথিবীর একটি দেশই দুনিয়াকে এই সুবিধা দিতে পারে, সেই দেশটি হলো চীন।