চলতি মাসে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। বিজনেস টাইমসের সংবাদে বলা হয়েছে, মার্চ মাসে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা এখন পর্যন্ত ৩৮ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ করেছেন।
গত বছর বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলো মন্দা এড়াতে পেরেছে। যদিও ধারণা করা হচ্ছিল, বিশ্বজুড়ে নীতি সুদহার বৃদ্ধির জেরে অর্থনীতির গতি অনেকটা কমে যাবে। সেই সঙ্গে ভারতের অর্থনীতির গতিও বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, মূলত এ দুই কারণে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
মার্চ ভারতের অর্থবছরের শেষ মাস। অর্থবছরের শেষ মাসে ভারতের শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের এই উৎসাহ চোখে পড়ার মতো বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল মাত্র ১ হাজার ৫৩৯ কোটি রুপি। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৫ হাজার ৭৪৩ কোটি রুপির শেয়ার বিক্রি করেছিলেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ভারতের বাজারে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ১৩ হাজার ৮৯৩ কোটি রুপি আর ঋণপত্রের বাজারে ৫৫ হাজার ৪৮০ কোটি রুপি।