ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ করেছে। সেই অবকাঠামোর উন্নত মান দেখে অনেকেই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠছেন।
আরও অনেক বিষয় এখন ভারতের অনুকূলে রয়েছে। সিএনএনের এক সংবাদ বিশ্লেষণে সে রকম একটি ঘটনা তুলে ধরা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে জয়পুর পর্যন্ত যে সড়ক আছে, গত তিন দশকে সেটির অনেক উন্নয়ন করা হলেও সেগুলো তেমন কাজে আসছিল না। কিন্তু সম্প্রতি একই গন্তব্যে নুন এক্সপ্রেসওয়ের কল্যাণে মানুষ নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন।
বিষয়টি হলো, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বিনিয়োগ তহবিল ম্যাথিউস এশিয়ার পোর্টফোলিও ব্যবস্থাপক হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় নাগরিক পিউস মিত্তাল ৩০ বছর ধরে দিল্লি থেকে জয়পুর পর্যন্ত যাতায়াত করছেন। কর্মস্থল থেকে দেশে ফিরলে তিনি নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে জয়পুর যেতেন। ১৮৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংস্কার করা হয়েছে, এক লেন থেকে দুই লেন, সেখান থেকে তিন লেনে উন্নীত হয়েছে সড়কটি। কিন্তু কিছুতেই যেন কিছু কাজ করছিল না, যাত্রার সময় সেই ছয় ঘণ্টাই লাগছিল।